‘ভুল এই শহরের মধ্যবিত্তদেরও ছিল।’

এই শিরোনামের একটা লেখা মেসেঞ্জারে ঘুরছে কয়েকদিন ধরে। অনেকে পাঠিয়েছেন। কেন করোনার এই সংকটে মাস ছয়েক পার করার সামর্থ্য নেই মধ্যবিত্তের, তা নিয়ে অভিযোগের আঙুল মধ্যবিত্তদের দিকেই। লেখক বলেছেন, “ একটা অপ্রিয় কথা বলি, কিছু মনে করবেন না। আমাদের এই শহরে লাইফস্টাইলে প্রব্লেম ছিলো। শো অফ বেশি ছিলো। নইলে অন্তত ছয় মাস বসে খাওয়ার মতো টাকা সব পরিবারেই জমে থাকার কথা। যতটুকু ইনকাম, কালের স্রোতে গা ভাসাতে যেয়ে খরচ তারচেয়ে বেশি হয়েছে। যতটুকু স্ট্যাটাস, যতটুকু সামর্থ্য, মানুষ নগদে তার চেয়ে উঁচু তলায় বাস করেছে।”

নিচে লিংক দিলাম। আগ্রহীরা মূল লেখা পড়ে দেখতে পারেন।

মূল লেখা এখানে

আমার পরিচিতদের অনেকে এই লেখাকে সমর্থন দিয়েছেন , কেউ বা মধ্যবিত্তদের না দুষে, দুষেছেন আমাদের সামগ্রিক রাষ্ট্রব্যবস্থাকে। আমাদের ভোগবাদী সমাজে রাষ্ট্র কোনধরনের অন্ন , বস্ত্র শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের নিশ্চয়তা দিচ্ছে না বলে, এক শ্রেণির মানুষ প্রয়োজনাতিরিক্ত সম্পদ জমিয়ে পাহাড় করছেন। আরেক শ্রেণি এমনই টানাপড়েনের মাঝে আছেন যে, সামাজিক স্ট্যাটাস বজায় রেখে সন্তানের যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা করতে হিমসিম খাচ্ছেন।

সত্যি কথা বলতে কী , আমি নিজেও বিভ্রান্ত! আমার পর্যবেক্ষণ মধ্যবিত্তদের পক্ষে নাকি বিপক্ষে। আমি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি। আম্মা মফঃস্বলের সচ্ছল পরিবারের আর আব্বা গ্রামের নিম্নবিত্ত পরিবার থেকে জোড় বেঁধে সংসার এগিয়েছেন বহুদূর।

পুরনো ঢাকার আবাস থেকে উচ্ছেদ হয়ে কয়েকবছর গ্রামে আর তারপরে আবার ঢাকা এসে আমরা যখন মিরপুরে থিতু হলাম, তার মাঝখানে বছর তিনেক ভাড়া ছিলাম মিরপুরের গুদারাঘাট, পাইকপাড়া নামের গ্রাম গ্রাম গন্ধের মফঃস্বল এলাকায়। পুরনো ঢাকার পর নানাবাড়ি , তারপর ঢাকায় প্রত্যাবর্তনের পরে এভাবে জায়গায় জায়গায় ভাড়া থাকাটা আম্মার পছন্দ ছিল না। যে করেই হোক নিজের একটা স্থায়ী বাড়ি ছিল তাঁর স্বপ্ন। সুতরাং সাধ ও সাধ্যের মিল রেখে আমরা বাড়ি কিনে চলে এলাম অবাঙ্গালী অধ্যুষিত মিরপুর ১১ নাম্বারে। এর আগে যেখানেই ছিলাম চারিদিক অনেক খোলামেলা ছিল, এতো ছোট জায়গায় ছিলাম না। এখানে মানিয়ে চলতে হল। মধ্যবিত্ত জীবন শুরু হল নিম্নবিত্তদের মতো সঙ্কুচিত আবাসনে। দীর্ঘ তিরিশ বছরে পৌনে দু’কাঠার বাড়ি একসময় নতুন প্রজন্মের প্রকোপে জনবহুল হয়ে গেল। আমি ভাড়াবাড়িতে চলে এলাম। সেই ভাড়াও বছর বছর বেড়েই চলছিল । মাস শেষে বেতনের বড় একটা অংশ গুণে গুণে দিতে হয়। বুকে বিঁধে। বছর ছয়েক পরে ২০১৪ সালে শুভাকাঙ্ক্ষীরা উপদেশ দিল যে ভাড়ার টাকার সঙ্গে আর কিছু লাগালেই নাকি মান্থলি ইন্সটলমেন্টে ফ্ল্যাট হয়ে যাবে! বউ আর সামাজিক চাপে অবশেষে ফ্ল্যাটের চক্করে ফেঁসে গেলাম। এই লোন,সেই লোন আর লোন ফেরতের চক্করে এখনো নাভিশ্বাস।

ট্রেডের এক ছোটভাইয়ের সাজেশনে Robert T.Kiyosaki এর বেস্টসেলার Rich Dad, Poor Dad পড়েছিলাম ২০০৯ এর দিকে। একটা চিন্তা মনে দাগ কেটে আছে।
One believed, “Our home is our largest investment and our greatest asset.” The other believed, “My house is a liability, and if your house is your largest investment, you’re in trouble.”

নিজের একটা ফ্ল্যাট বা স্থায়ী আবাস যখন মানুষের সবচেয়ে বড় ও একমাত্র ইনভেস্টমেন্ট হয় সে তো আসলেই বিপদে আছে। সেই বিপদে আমাদের এশিয়ার সংখ্যাগরিষ্ঠ লোক। অদ্ভুতুড়ে মধ্যবিত্ত মানসিকতা। মজার ব্যাপার হচ্ছে , মধ্যবিত্তদের এই অনিশ্চয়তা আর নিরপত্তাহীনতার বীজ তাদের বংশধরেরা বহন করে চলে যুগের পর যুগ। কয়েক দশক আগে শিক্ষিত মধ্যবিত্তের স্বপ্ন শেষ হতো পেনসন, প্রভিডেন্ট ফাণ্ডের টাকায় নিজের একটা বাড়ি তৈরি দিয়ে। শেষ হতো বলছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেতো, বাড়ি তৈরির ঝক্কি আর যন্ত্রণা পেরিয়ে পরিবারের কর্তা যখন আরামকেদারায় হেলান দিতেন, তক্ষুনি সেটা স্থায়ী হেলান হয়ে যেত। মানে পরিবারের কর্তা বা কর্তীর জীবনাবসান ঘটত।

ঘুরে ফিরে আমার বাবা-মা, নিকটাত্মীয় সকলের স্বজনদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল এই ঢাকা শহরে নিজের একটা জমি, সেই জমিতে বাড়ি, সামনে একটা বাগান ইত্যাদি ইত্যাদি। অধুনা, মেগা-সিটিতে সেই সুযোগ নেই বলেই, নিজের ফ্ল্যাট, ফ্ল্যাটের ব্যালকনিতে ছোট্ট বাগান। সারাজীবন ঘানি টেনে টেনে যে তেল জমে ; তা বের হয়ে যায় একটা নিজের বাড়ি অথবা ফ্ল্যাটে।

আমার পরিচিত একজন উদ্যোক্তাকে জানি ,গত দুই দশক ধরে ভাড়াবাড়িতে থাকেন। তাঁর কথা, ‘এতোগুলো টাকা ব্যবসায় খাটালে ব্যবসার লাভ। বছর দুয়েক পরে পরে বাসা বদলাই , নতুন মোজাইক আর নতুন কমোড ব্যবহার করি। কোন মানে হয় না ঢাকা শহরের সোনার দামে ফ্ল্যাট করার!’ সেই লোক দিব্যি আছে।

আবার আমেরিকায় ও দেশের বাইরে কয়েকজন আধুনিক বাংলাদেশীকে চিনি, এঁরা প্রয়োজনে এক স্টেট ছেড়ে আরেক স্টেটে যাওয়ার সময় সবকিছু গুছিয়ে বিক্রি করে আরেক জায়গায় নতুন বসতি গড়েছেন।

মুশকিল হচ্ছে মফঃস্বল থেকে উঠে আসা মধ্যবিত্তদের। মফঃস্বলের মধ্যবিত্তদের স্থায়ী আবাসনের স্বপ্ন আর আবেগঘটিত সমস্যা আরো জটিল। এঁদের সবার গ্রামে একটা বাড়ি থাকে। সেই ভিটেবাড়ি ছেড়ে অনেক দূরে চলে গেলেও , সেটাতে ঘুঘু চরলেও সারাজীবন বাল্যস্মৃতি আর নানাবিধ আবেগের পোঁটলা হিসাবে সেটা তারা রক্ষা করে চলেন। এই স্মৃতি ধরে রাখার খরচ কিন্তু নিতান্ত কম নয়। এই মধ্যবিত্তরা অনেকে জেলা শহরে এসেছেন চাকরির স্বার্থে। সেখানে থেকে ছেলেমেয়েদের পড়াশোনা করিয়েছেন। সেই হিসাবে জেলা শহরে তাদের একটা আলাদা স্থায়ীবাস থাকে। এরা পড়াশোনা শেষে যখন ঢাকায় আসে, তখন ঢাকায় এসে সেই একই চক্কর। অনেক কাঠখড় পুড়িয়ে ঢাকায় আরেকটি স্থায়ীনিবাসের জন্য তাদের প্রাণান্ত। এদের পরবর্তী প্রজন্ম যখন আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড অস্ট্রেলিয়া যায়, মনের গভীরে এদের প্রধানতম লক্ষ্যই থাকে একটা গাড়ি আর স্থায়ী একটা বাড়ির।

এই দুর্ভেদ্য চক্র কোনভাবেই শেষ হয় না ! বাইরের দেশে না হয় এন্তার জায়গা পড়ে আছে ; হোক আপনার দুইটা গাড়ি আর তিনটা বাড়ি। কিন্তু সীমিত সম্পদ আর অসম্ভব জনবহুল বাংলাদেশে কী করে আমাদের মধ্যবিত্তরা তিন চার জায়গায় কয়েকটি স্থায়ী নিবাসের মতো অনর্থক অপব্যবহারে মেতে আছেন, সেই দুষ্টচক্রের বিশ্লেষণ করা সময়ের দাবী !

প্রকাশকালঃ ২৮শে জুন,২০২০