করোনা কৌতুকএই কাহিনী উগান্ডার রাজধানী শহর কাম্পালার।তো সেদিন কাম্পালার ভিআইপি রোড দিয়ে এক তিনচাকার স্কুটারের চালক ঝিমুতে ঝিমুতে গাড়ি চালাচ্ছে দেখে পাশ দিয়ে ছুটে যাওয়া প্রেসিডেন্ট সাহেব ভীষণ ক্ষেপে গেলেন। চিৎকার করে বললেন, এক্ষুনি ঐ ব্যাটাকে অ্যারেস্ট কর।– তোমার এত্তোবড় সাহস ? ভিআইপি রোডে চোখ বন্ধ করে গাড়ি চালাচ্ছো ! যদি অ্যাকসিডেন্ট করে মানুষ মরে ?– স্যার, আমার একটা প্রশ্ন ছিল।– তোমার আবার প্রশ্ন কি ?– স্যার, দেশ আগে না গাড়ি আগে ?– অবশ্যই দেশ !– তাহলে স্যার, আপনি যদি চোখ বন্ধ করে এই দেশ চালাতে পারেন …… আমার চোখ বন্ধ করে গাড়ি চালাতে সমস্যা কোথায় ?

গ্রামের এক লোকের বলদের পিঠে ঘা হয়েছে।সে পাশের গ্রামের আরেক লোককে জিজ্ঞেস করল যে তার বলদের পিঠে কোন ঘা হয়েছিল কিনা ?সেই লোক জবাব দিল,— হ্যাঁ , হইছিল তো।— তা তখন কি করলা ?— ধুতরা ফুলের বিষ গুঁড়া কইরা লাগাইছিলাম।তো ঐ লোক ফিরে এসে যথারীতি তার বলদের পিঠে ধুতরা ফুলের বিষ লাগাল।এর পরের দিন গরুটি মরে গেল।লোকটা তখন আবার পাশের গ্রামের সেই লোককে গিয়ে ধরল।— তোমার দেয়া ওষুধ লাগাইয়া তো আমার বলদ মইরা গেল ।— অবাক হইতেছ কেন? আমারটাও তো মইরা গেছে।

    ৩

 পিঁপড়ার দল সারি বেঁধে যাচ্ছে। পিছন থেকে একটা পিঁপড়া দৌড়ে সামনের পিঁপড়ার পাশাপাশি এসে জিজ্ঞেস করল,

: আমরা কোথায় যাচ্ছি ?

: কথা কম। সিরিয়াল মেইনটেন কর।

অনেকগুলো বক উড়ে চলছে সারিবদ্ধভাবে। পেছনের বক তার সামনেরটাকে বলছে,
: আমরা সামনেরটাকে ফলো করছি কেন? ও কি আমারদের লিডার?
: না।
: তাহলে ?
: সম্ভবত: ও রাস্তাটা চেনে।

এক শিয়াল তার নতুন বউকে নিয়ে ক্ষেতে চুরি করে খেতে যায়।
শিয়ালনি প্রায়ই বলে, একদিন কেউ যদি ধরে প্যাঁদানি দেয়, তখন?
: ধুর ! প্যাঁদানি দিলেই হলো, আমার লাইসেন্স আছে না ?
লাইসেন্সের কথা শুনে শিয়ালনি আশ্বস্ত হয়।
তো , এভাবে ভালোই চলছিল। হঠাৎ একদিন তারা ধরা পড়ে গেল।
বেদম মার খেয়ে ;কোনোমতে পালিয়ে, খোঁড়াতে খোঁড়াতে বাসায় ফিরে আসার পর শিয়ালনি বলল, তোমার লাইসেন্স দেখালে না কেন ? শুধু শুধু মার খেলাম !
: আরে ধুর ! তুমি ব্যাটার চেহারা দেখছ ? আমি তো দেখেই বুঝছি, ও ব্যাটা লেখাপড়া কিছুই জানে না। লাইসেন্সের মর্ম ও কি বুঝবে ?

অনেক রেফারেন্স ধরে টরে মন্টু নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানির কম্পিউটার অপারেটর পদে চাকরি পেয়েছে।
প্রথমদিন সে খুব মনোযোগ দিয়ে কাজ করল। তার সিনসিয়ারিটি দেখে অফিসের বস খুশি হয়ে ছুটির আগে ডেকে পাঠাল।
: নয়টা থেকে পাঁচটা আপনি এক মনে কাজ করেছেন। আসলে আমরা এমন কর্মীই চাই। তা আজ আপনি কি কাজ করেছেন?
: স্যার , টেবিলে বসে প্রথমেই দেখলাম কম্পিউটারের কি বোর্ডে এবিসিডি সব উল্টাপাল্টা করে সাজানো। সারাদিন বসে বসে সেগুলো খুলে আবার সিরিয়াল করে লাগিয়ে দিয়েছি।

পুরোনো ঢাকার স্কুলের ক্লাসে নতুন স্যার এসে বলল,
: আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়াব। তার আগে বলো তো , রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিবস কবে?
: ছার, জানি না।
: এই ছেলে, তুমি বলো।
: ছার , আমি ভি জানি না । হে যে কবে অছুস্থ হইল, এইডাও তো শুনি নাইকা।

একদশক আগে। দেশ ডিজিটাল হওয়ার প্রাক্বালে আগে দুই বান্ধবীর কথোপকথন।
: পুরো দেশটা যখন ডিজিটাল হয়ে যাবে, তখন কি হবে জানিস ?
: কি হবে ?
: ধর, কাজের বুয়া ডেকচির ঢাকনা খুঁজে পাচ্ছে না, তখন সে ‘ডেকচির ঢাকনা’ লিখে গুগলে সার্চ দিবে।
: বাহ্ , ভালো তো ।
: আরো আছে। যেমন ধর, পাশে বাসার বাবুটার রক্তে ম্যালেরিয়ার ভাইরাস পাওয়া গেছে। তখন এন্টিভাইরাস নেট থেকে
আপডেট করে প্রতি সপ্তাহে একবার করে পুরো বডি স্ক্যান করে দিলেই চলবে !

ছেলেকে ডেকে বাবা বলল, বল তো আট নং কত?
ছেলে বলল, চুয়াত্তর।
বাবা খুশি হয়ে ছেলের হাতে দশ টাকা দিয়ে বলল, ভেরি গুড ! এটা তোমার বখশিশ !
পাশে বসা বাবার বন্ধু অবাক হয়ে বলল, ও ভুল উত্তর দিল আর তুমি ওকে বখশিশ দিলে !
বাবা বলল, এর আগে আশি বলেছিল। আজ কিছুটা ইমপ্রুভ করেছে তো তাই ……

১০

পুরোনো ঢাকায় এক ভদ্রলোক মোড়ের পান দোকানদারকে পাঁচ টাকা দিয়ে বলল,
: আমার পানে চিকন সুপারি, একটা লবঙ্গ, এলাচ আর মৌরী দিও। আর হ্যাঁ, ভালো করে খয়ের দিও। মিষ্টি মশলাও যদি থাকে দিও। ভালো কথা, পিপারমেন্ট আছে ? থাকলে একটু দিও।
দোকানদার বলল,
:ভাইছাব, আপনি যে এউগা পাঁচটা টাকা দিলেন, হেইডাও কি পানের মধ্যে দিয়া দিমু ?

 

১১

এই সময়ের কিঞ্চিৎ কালো কৌতুক:
কারো মৃত্যু হলে, শোক জানানোর জন্য কালো পোশাক পরে মোল্লা নাসিরুদ্দীনের দেশের লোকেরা।
এক আলো ঝলমল দিনে মোল্লাকে সেই পোশাকে হাঁটতে দেখে একজন বাঁকাসুরে জিজ্ঞেস করল, ‘কেউ মরল নাকি, মোল্লাসাহেব ?’
‘সাবধানের মার নেই,’ বলল মোল্লাসাহেব।
‘কোথায় কখন কে মরছে তা কি কেউ বলতে পারে?’

১২

মোল্লা নাসিরুদ্দীন বাজার থেকে এক সের মাংস কিনে এনে তার গিন্নীকে দিয়ে বলল, ‘আজ কাবাব খাব, বেশ ভালো করে রাঁধ দিকি।’
গিন্নী রান্নাটান্না করে লোভে পড়ে নিজেই সব মাংস খেয়ে ফেলল।
কর্তাকে তো আর সে কথা বলা যায় না, বলল,
‘বেড়ালে খেয়ে ফেলেছে।’
‘এক সের মাংস সবটা খেয়ে ফেলল?’
‘সবটা।’
বেড়ালটা কাছেই ছিল। নাসিরুদ্দীন সেটাকে দাঁড়িপাল্লায় চড়িয়ে দেখল ওজন ঠিক এক সের।
‘এটাই যদি সেই বেড়াল হয়, তাহলে মাংস কোথায়?
আর এটাই যদি সেই মাংস হয়, তাহলে বেড়াল কোথায় ?

১৩

গতকাল বাৎসরিক ট্যাক্সের জন্য সঞ্চয়পত্র কিনতে ব্যাংকে ঘণ্টা দুয়েক সামাজিক দূরত্বের লাইনে তিতবিরক্ত। দাঁড়িয়ে দাঁড়িয়ে মোল্লা নাসিরুদ্দীন হোজ্জার এক গল্পের কথা মনে পড়ল।
‘ ধার না দিয়েই সুদ !’
তো হয়েছে কী,একবার মোল্লার বিবির অসুখ। হাতে টাকাপয়সা নেই, কারো কাছে পাওয়ার ভরসাও নেই। কী করে হেকিম এনে চিকিৎসা করাবে সেই চিন্তায় জেরবার মোল্লা।
রাতে শোয়ার সময় আল্লাহর নামে বহু মিনতি করল, ‘তুমি ছাড়া এই বিপদে আর কেউ নাই দয়াময়; কিছু টাকার আমার ভীষণ দরকার। যেকোন উপায়েই হোক কিছু টাকার ব্যবস্থা করে দাও। এমনিতে না দাও ,অন্তত: ধার হিসাবে দাও।’
পরদিন খুব ভোরে দরোজায় কড়া নাড়ার আওয়াজে ঘুম ভাঙল মোল্লার।
দরজা খুলে দেখে সামনে পাড়ার সব বিশিষ্ট ব্যক্তি দাঁড়িয়ে আছেন।
একবুক আশা নিয়ে মোল্লা তাঁদের আগমনের হেতু জানতে চাইলে তারা বলল,
‘মোল্লা সাহেব, এতো সকালে আসার কারণ আমরা যাঁর দয়ায় বেঁচে আছি, পৃথিবীর আলো-বাতাস ভোগ করছি তাঁর সেবায় এলাকায় একটা মসজিদ নির্মাণ করতে চাই। আপনাকে মোটা চাঁদা দিতে হবে।’
মোল্লা তখন খেদের সুরে বললেন, ‘হায় আল্লাহ্ ! ধার না দিয়েই সুদ ! গতকাল রাতে ঠিক এমন কামনা করে তো ঘুমাইনি খোদা !’