ডোনাল্ড ট্রাম্পের প্রথম শাসনামলের শেষের দিকে ২০২১ সালে তাঁর নানা কুকীর্তি, করোনা ভাইরাস নিয়ে নানাবিধ বাগাড়ম্বর, আস্ফালন দেখেশুনে আমরা বীতশ্রদ্ধ, বিরক্ত। তো বড় কন্যা জিজ্ঞেস করল, কীভাবে ট্রাম্পের মতো অসভ্য, বর্বর একজন লোক পৃথিবীর সবচেয়ে ধনী, সমৃদ্ধ দেশের প্রেসিডেন্ট হলেন ?
আমি আশাবাদের জায়গা থেকে, স্বস্থ থাকার প্রেরণায় আমার মতো করে কন্যাকে বোঝানোর চেষ্টা করলাম।
বললাম, পৃথিবীতে রাজরাজড়াদের কীর্তি-কাহিনী কমবেশি মাত্র হাজার পাঁচেক বছরের ইতিহাসটুকুই জানি। এর মধ্যে প্রজ্ঞাবান, দার্শনিক, সত্যিকার কল্যাণকামী রাষ্ট্রনায়কদের স্মরণ করতে গেলে হাতের আঙুল পাঁচ বা ছয়ে গিয়ে থেমে যায়। আর বাকী লক্ষ লক্ষ রাজা, রাজাধিরাজ, সম্রাট, রাষ্ট্রনায়করা হচ্ছেন শোষণ,পীড়ন দমনের ধারাবাহিকতা মাত্র।
মানবিক উদারতা, অহিংসা এবং সব মতের মানুষের প্রতি সমবেদনা জানানো দার্শনিক, সুশাসক পৃথিবীতে বিরল। হাজার বছরে মাত্র কয়েকবার এঁদের দেখা মিলেছে।
বললাম, আমাকে যদি জিজ্ঞেস কর, আমার ক্ষুদ্র ইতিহাসজ্ঞানে প্রথমেই যার নাম মনে আসে, তিনি’ মেডিটেশন’- বইয়ের দার্শনিক রোমান সম্রাট মারকাস অরেলিয়াস (Marcus Aurelius)। তারপরে আসে, সম্রাট অশোকের (Ashoka Maurya) কথা। যদিও তাঁর প্রারম্ভিক যুদ্ধ-জীবন দিয়ে তর্ক আছে।
এরপরে খলিফা উমর ইবনুল খাত্তাব (রা.) ; অটোমান সাম্রাজ্য সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট; মোঘল সম্রাট আকবর দ্য গ্রেট; আমেরিকার আব্রাহাম লিংকন; মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ; সিঙ্গাপুরের লি কুয়ান ইউ । এই দেখো, আট জনের পরে আমি আর কাউকে খুঁজেই পাচ্ছি না।
সুতরাং বহু হাজার বছর ধরে,রাষ্ট্র , রাজনীতি ও ক্ষমতা নিষ্ঠুর,চতুর, পীড়নকারী, অসভ্য, বর্বরদের হাতেই ছিল। আরো শত বছর পরে আমার কথার প্রতিধ্বনি যদি থেকে যায়, সেই পাঠক যেন এটা ভেবে স্বস্থ থাকে, পৃথিবী এরকমই ছিল, আছে এবং থাকবে।
প্রথম প্রকাশঃ ২৩শে মার্চ, ২০২৬