ঠিক প্রতিবার নয়, প্রায়ই বিদেশের ইমিগ্রেশনে আমি র‍্যান্ডম  সিলেক্টেড হই। বিবেচনা করেন, আমার প্রোফাইলের খোমা দেখে কী মনে হয় আমি সন্ত্রাসী !   আফসোস!   শুধুমাত্র আমার মা বেঁচে থাকতেই আমার চেহারার প্রশংসা করতেন। এর পরে আর কেউ করেনা।

খুব কাছের লোকেরা আমার হাজির জবার ও উপস্থিত বুদ্ধির অপ্রতুলতায় অভ্যস্থ। কেউ একটা কথা শুনিয়ে গেলে , দুইদিন পরে মনে হয়, ইস্‌ এইটার উত্তরতো ওই ভাবে দেওয়া যাইতো ! সুতরাং আমার পাশের লাইনের লোকেরা স্মার্ট উত্তর দিয়ে সামনে এগিয়ে যায়, আমি র্যান্ডম সিলেক্টেড হই । আমি এইটা মেনে নিছি। দেশের ও বিদেশের এয়ারপোর্টের ব্যাপারে নিতান্তই ব্যক্তিগত লার্নিং হচ্ছে এইখানে হুদা হ্যাডম না দেখানোই ভালো। দেখাইতে পারেন, যদি আপনি মন্ত্রী , উর্ধ্বতন পুলিশ ,সেনাবাহিনী কর্মকর্তার নিকটাত্মীয় হন। এবং আপনাকে নিশ্চিত করতে হবে, ওই ঐশ্বরিক ক্ষমতার লোকটি আপনাকে চেনে ও আপনার ফোন যে কোন মুহূর্তে রিসিভ করবে। আপনি আমজনতা হলে, স্রেফ চেপে যান। একপাশে পা ভর দিয়ে কেবিন লাগেজ নিয়ে অপেক্ষা করুন। বাংলাদেশের সমস্ত অনিয়মের শুদ্ধি অভিযানের জন্য আপনি ম্যাজিস্ট্রেট রোকনুদ্দৌলা নন।

যাই হোক,বিদেশে ভদ্র কাস্টমস অফিসার যে একেবারে নাই , তা না । কেউকেউ লাজুক লাজুক ভদ্রতা করে বলে, বুঝলা মুহাম্মাদ , টুডে ইউ আর আওয়ার র‍্যান্ডম   সিলেকশন। আমি ঘাস খাই না। এত্তো লোক রেখে শুধুই যে মোহাম্মদ, সবুজ পাসপোর্ট আর গাত্রবর্ণই সিলেকশনের কারণ সেটা বুঝি । মনে মনে আইএস জঙ্গী, ওসামা বিন লাদেন আর হালের নাফিজ টাইপ পোলাপানরে অভিসম্পাত করি আর আশে পাশের লাল- নীল পাসপোর্টের লোকেদের বাইরে যেয়ে ট্যাক্সি ধরা দেখি।

 আমার একটা ট্রিক্স আছে, মাঝে মাঝে কাজে দেয়।   বিদেশের ইমিগ্রেশনে স্রেফ হাসি হাসি মুখ করে চেয়ে থাকবেন। মুখে একটু ক্লান্তির ছাপ ঝুলিয়ে রাখতে পারেন। পরের ফ্লাইট মিস করছেন, আরেক কলিগ চলে যাচ্ছে , এইসব টেনশন বা উত্তেজনার ছাপ চেহারায় রাখবেন না । যে যে কাগজ চায়, দেখাবেন, যেই রুমে বসাইয়া রাখে বইসা থাকবেন। এই দেশে কী আইন নাই, আমার সমস্যা কী, এইসব আগ বাড়িয়ে বলেছেন কি আপনার সময় আরো নষ্ট হবে। আপনি ভয়ংকর স্মার্ট লোক হইলে কাস্টমস অফিসারের সঙ্গে ওই দেশের অর্থনীতি,আবহাওয়া , রাজনীতি নিয়ে আলোচনা করতে পারেন। সেটাতেও মুশকিল আছে, আপনি রিপাবলিকান কাস্টমস অফিসারের সঙ্গে ডেমোক্র্যাটদের প্রশংসা করলে হিতে বিপরীত হইতে পারে।

যেহেতু আপনি আমার বন্ধুস্থানীয় এবং এই লেখা পড়ছেন ধরেই নিচ্ছি আপনি ওই দলের না। ভয়ংকর স্মার্ট লোকেরা  ব্লগিং বা  ফেসবুকিং করে সময় নষ্ট করে না।

[ প্রথম প্রকাশঃ ২২শে মে, ২০২০ }