শাসকের প্রতি।।জয় গোস্বামী

আপনি যা বলবেন
আমি ঠি-ক তাই করবো
তাই খাবো
তাই পরবো
তা-ই গায়ে মেখে ব্যাড়াতে যাবো
আমার জমি ছেড়ে দিয়ে চলে যাবো
কথাটি না বলে।
বললে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকবো সারারাত
তাই থাকবো।
পরদিন যখন, বলবেন
‘এবার নেমে এসো’
তখন কিন্তু লোক লাগবে আমাকে নামাতে
একা একা নামতো পারবো না।
ও টুকু পারি নি বলে
অপরাধ নেবেন না যেন।

ভাল লাগে। জয় গোস্বামী।।

‘সুন্দর দেখাচ্ছে আপনাকে।’

এই কথা বলবার সাহস

জীবনে হল না।

জীবনও তো শেষ হল প্রায়।

কত আগে থেকে চিনতাম।

ভাল লাগত আপনাকে-

একবারও বলিনি।

আজও লাগল।

খেয়ালই করিনি কেউ দেড়ঘণ্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে

কথা বলছি রাসবিহারী মোড়ে।

বাইরের লোকের মুখে কতদিন পরে শুনলেন

বাড়ির পুরনো ডাকনাম।

আপনার অবাক হওয়া, ছেলেমানুষের মতো খুশি হওয়া দেখে

ভাল লাগল। ভাল লাগত। আপনার মত ভাল কাউকে

লাগেনি।

কত কত দিন আগে থেকে—

বলিনি তখন।

আজ বললাম।