উৎপলকুমার বসু। অগ্রন্থিত কবিতা ৫ । প্রথম সংস্করণ ১৯৯৬

তুমি তো বৈচিত্র্যে নও , একটি নির্দিষ্ট রঙে স্থির আছো
যার নাম ধূপছায়া । এ-রঙের প্রকৃতি কেমন
তা যদি জানতে চাও তবে একদিন প্রবল
বৃষ্টির শব্দে জেগে উঠতে হবে। দেখে নিয়ো
জানালা খোলা। হয়ত বা বন্ধ আছে, কোনোটারই
কাচ নেই। কাঠের চেয়ারটেবিল জলে ভাসছে।
আজ ছুটি। ছাত্ররা উধাও। তুমি একা বেকুব মাস্টার
ক্লাসরুমে ঘুমাচ্ছিলে। জেগে উঠলে এইমাত্র।

উৎপলকুমার বসু। অগ্রন্থিত কবিতা ৫ । প্রথম সংস্করণ ১৯৯৬

সলমা-জরির কাজ।।উৎপল কুমার বসু

‘বন্ধু, তোমার হাতের উপর হাত রাখলেই আমি টের পাই তোমার বাজারে অনেক দেনা, ছেলেটা উচ্ছন্নে গেছে, মেয়ে রাত করে বাড়ি ফেরে, আজ যা–বলার আছে তুমি আমাকেই বলো, স্ত্রীর মুখরতার কথা বলো, সহকর্মীদের শঠতার কথা বলো, রাতে ঘুম হয় না সেই কথা বলো, আর যদি কাঁদতেই হয় তবে এই কাঁধে মাথা রেখে কাঁদো, বন্ধু।’